দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার পথে বিমানের ভেতরে সাধারণ যাত্রীদের সঙ্গে এক সৌজন্যমূলক ও ব্যতিক্রমী মুহূর্তে ফ্রেমবন্দী হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে যাত্রাকালে তিনি বিমানের বিভিন্ন সারিতে গিয়ে যাত্রীদের খোঁজখবর নেন এবং অত্যন্ত আন্তরিক পরিবেশে তাদের সাথে সেলফিতে অংশ নেন।
রোববার (২১ জুন) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হয় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিমানে সাধারণ যাত্রীদের সারিতে এসে প্রধানমন্ত্রী নিজেই বেশ হাস্যোজ্জ্বল মুখে সবার সঙ্গে কুশল বিনিময় করছেন। দেশের সরকারপ্রধানকে এত কাছে পেয়ে বিমানের ভেতরে সাধারণ যাত্রীদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ করা যায়। অনেক যাত্রী তাদের মুঠোফোনে এই বিশেষ মুহূর্তটি ধরে রাখতে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলেন। প্রধানমন্ত্রীও অত্যন্ত সাদামাটাভাবে যাত্রীদের আবদার মেটান।
প্রধানমন্ত্রীর এই প্রথম বিদেশ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বিদেশ সফর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) অবতরণ করলে তাঁকে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে লালগালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়।