শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১১ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা

মালয়েশিয়া সরকারের অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। এ পর্যন্ত এক লাখ ৫৫ হাজারের বেশি বিদেশি নাগরিক স্বেচ্ছায় এতে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে এক লাখ ৩৮ হাজারেরও বেশি অভিবাসী ইতোমধ্যে নিজ দেশে ফিরে গেছেন।

অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর এ কার্যক্রমে দেশটি আর্থিকভাবেও লাভবান হচ্ছে। ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, এ কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে জরিমানা ও কম্পাউন্ড বাবদ সরকার ৭৭ মিলিয়ন রিঙ্গিতের বেশি রাজস্ব আদায় করেছে।

তিনি বলেন, কর্মসূচিতে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছেন বাংলাদেশি নাগরিকরা। দ্বিতীয় অবস্থানে আছেন ইন্দোনেশিয়ার নাগরিকরা। বাংলাদেশিরা নিবন্ধনের তালিকায় শীর্ষে থাকলেও তাদের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

গত বছর চালু হওয়া স্বেচ্ছায় প্রত্যাবাসনের এ উদ্যোগ অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের জন্য বড় সুযোগ তৈরি করেছে। অনেকেই মামলা ছাড়াই সম্মানজনকভাবে নিজ দেশে ফেরার পথ বেছে নিচ্ছেন।

আগামী এপ্রিল পর্যন্ত কর্মসূচিটি চালু থাকবে জানিয়ে দাতুক লোকমান বলেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে বা বৈধ কাগজপত্র নেই, তারা শেষ সময়ের আগেই এ সুযোগ কাজে লাগান।

তিনি সতর্ক করে বলেন, কর্মসূচি শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনে কঠোর অভিযান চালানো হবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে—শেষ সময় ঘনিয়ে এলে কর্মসূচিতে অংশগ্রহণের হার দ্রুত বেড়ে যায়। তাই সামনের সপ্তাহগুলোতে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়তে পারে।

২০২৫ সালের ১৯ মে শুরু হওয়া এ কর্মসূচির মেয়াদ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিদ্ধান্তে পেনিনসুলার মালয়েশিয়া ও ফেডারেল অঞ্চল লাবুয়ানের জন্য চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

এই স্বেচ্ছায় প্রত্যাবাসনের কর্মসূচির আওতায় অবৈধ অভিবাসীরা মামলা ছাড়াই দেশে ফিরতে পারছেন। তবে অপরাধভেদে ৫০০ রিঙ্গিত ও ৩০০ রিঙ্গিত হারে কম্পাউন্ড নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি স্পেশাল পাসের জন্য ২০ রিঙ্গিত ফি পরিশোধ করতে হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়