শিরোনাম
◈ রাজস্ব ঘাটতির মধ্যেও অর্থনীতি সঠিক পথে এগোচ্ছে: অর্থমন্ত্রী ◈ হাসনাত আবদুল্লাহর বক্তব্যে উত্তপ্ত সংসদ, শুরু হট্টগোল ◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের ◈ মহাকাশে ইতিহাস, শূন্যের কাছাকাছি তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড চীনের ◈ হাসিনার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, নতুন যে বার্তা ভারতের ◈ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তির ফি নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই এমপিও বাতিল ◈ শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ নাশকতা ঠেকাতে কঠোর সরকার, ডিসেম্বরজুড়ে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ হাজার মিটার উচ্চতায় পৃথিবীর সর্বোচ্চ জনবসতি, যেখানে নেই বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা

পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত স্থায়ী জনবসতি পেরুর লা রিনকোনাদা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার মিটার উচ্চতায় আন্দিজ পর্বতমালার পূর্বাংশে অবস্থিত এই জনপদ।

চারদিকে বরফঢাকা পাহাড়, পাতলা বাতাস আর দুর্গম পরিবেশ। তবে প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে এখানে রয়েছে কঠিন জীবনযাত্রা। প্রায় ৫০ হাজার মানুষের বসবাসের এই জনপদে নেই বিশুদ্ধ পানির সরবরাহ, পয়োনিষ্কাশন ব্যবস্থা কিংবা বর্জ্য ব্যবস্থাপনার সুযোগ। সোনার খোঁজেই প্রতিকূল পরিবেশে এখানে থেকে গেছেন এত মানুষ। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন এ তথ্য জানায়।

নাসার চোখে পৃথিবীর সর্বোচ্চ জনবসতি

২০১৯ সালে প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা লা রিনকোনাদাকে পৃথিবীর সর্বোচ্চ জনবসতি হিসেবে উল্লেখ করে। নাসার ল্যান্ডস্যাট-৮ স্যাটেলাইটের অপারেশনাল ল্যান্ড ইমেজার যন্ত্রে ২০১৯ সালের ১ আগস্ট তোলা ছবিতেও দেখা যায় এই জনপদ। এটি দক্ষিণ-পূর্ব পেরুর আন্দিজ পর্বতমালায়, বলিভিয়া সীমান্ত থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

Advertisement

আনানেয়া পর্বতের ঢালে এবং লা বেলা দুরমিয়েন্তে নামের একটি হিমবাহের নিচে গড়ে উঠেছে বসতিটি। স্প্যানিশ ভাষায় লা বেলা দুরমিয়েন্তে অর্থ ‘ঘুমন্ত সুন্দরী’।

নাসার তথ্যমতে, চার দশকেরও বেশি আগে অস্থায়ী খনিশ্রমিকদের বসতি হিসেবে লা রিনকোনাদার যাত্রা শুরু হয়। শুরুতে স্থায়ী শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা না থাকায় সেখানে পানি, পয়োনিষ্কাশন কিংবা বর্জ্য ব্যবস্থাপনার মতো নাগরিক সুবিধা স্থাপন করা হয়নি।

সেখানকার সোনার খনিতে শ্রমিকদের কাজের ব্যবস্থাও ছিল ব্যতিক্রমী।

পুরুষ খনিশ্রমিকরা একটানা সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত খনিতে কাজ করতে পারতেন। এ সময়ে তাঁরা কোনো নির্দিষ্ট মজুরি পেতেন না। তবে খনি থেকে যতটুকু সোনা সংগ্রহ করতে পারতেন, তা নিজেদের কাছে রাখার সুযোগ ছিল। এ ব্যবস্থাও অস্থায়ী খনিশিবিরটিকে স্থায়ী জনবসতিতে পরিণত হওয়ার পেছনে ভূমিকা রেখেছে।

সোনার দাম বাড়তেই বাড়ে জনসংখ্যা

জীবনযাপনের প্রতিকূল পরিবেশ সত্ত্বেও ২০০০-এর দশকে লা রিনকোনাদার জনসংখ্যা দ্রুত বাড়তে থাকে। নাসার তথ্য অনুযায়ী, সোনার বাজারদর বাড়ার সঙ্গে সঙ্গে ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে এখানকার জনসংখ্যা বেড়েছিল ২৩০ শতাংশ। ওই দশকেই প্রথম বিদ্যুৎ পৌঁছায় জনপদটিতে।

তবে এখনো বর্জ্য ব্যবস্থাপনার কোনো কার্যকর ব্যবস্থা নেই। বাসিন্দাদের অনেকে শহরের বাইরে আবর্জনা পুড়িয়ে ফেলেন কিংবা মাটিচাপা দেন। ফলে জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে তৈরি হয়েছে নানা উদ্বেগ।

পাতলা বাতাসে বসবাসের স্বাস্থ্যঝুঁকি

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার মিটার উচ্চতায় হওয়ায় লা রিনকোনাদার বাতাসে অক্সিজেনের পরিমাণ অনেক কম। নাসার তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের তুলনায় এখানে প্রতিবার শ্বাস নেওয়ার সময় শরীরে প্রায় অর্ধেক পরিমাণ অক্সিজেন প্রবেশ করে।

এমন পরিবেশে দীর্ঘদিন বসবাস করলে ক্রনিক মাউন্টেন সিকনেস বা দীর্ঘস্থায়ী উচ্চতাজনিত অসুস্থতা দেখা দিতে পারে। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা, মাথাব্যথা, কানে শব্দ হওয়া ও হৃদস্পন্দন বেড়ে যাওয়া। গুরুতর ক্ষেত্রে হৃদ্‌যন্ত্র বিকল হওয়া এমনকি মৃত্যুও ঘটতে পারে।

নাসার উল্লেখ করা গবেষকদের অনুমান, লা রিনকোনাদার প্রতি চারজন বাসিন্দার একজন এ সমস্যায় ভুগছেন। এ কারণে গবেষকেরা সেখানে যান উচ্চতাজনিত অক্সিজেনস্বল্পতার স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে গবেষণা করতে।

পর্যটকদের জন্য কি আদর্শ গন্তব্য?

পেরুতে রয়েছে মাচুপিচুর মতো বিশ্ববিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যের নানা আকর্ষণ। প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক এসব স্থান দেখতে যান। তবে লা রিনকোনাদা তেমন কোনো পর্যটনকেন্দ্র নয়।

২০২৫ সালে ট্রিপসাইডের এক প্রতিবেদনে জনপদটিকে প্রায় ৫ হাজার ১০০ মিটার উচ্চতায় অবস্থিত বলে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, ২০০০-এর দশকের শুরুর দিকে সোনার খোঁজে মানুষের আগমন বাড়তে থাকায় একসময়কার ছোট পাহাড়ি গ্রামটি ৫০ হাজারের বেশি মানুষের বসতিতে পরিণত হয়েছে।

প্রতিবেদনটিতে শহরটির নিরাপত্তা ও পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। তবে এগুলো ওই সংবাদমাধ্যমের নিজস্ব পর্যবেক্ষণ। নাসা ও ট্রিপসাইড—উভয় প্রতিবেদনেই উঠে এসেছে, লা রিনকোনাদা মূলত খনিশ্রমিকদের বসতি, পর্যটকদের জন্য পরিকল্পিত কোনো শহর নয়।

সোনার আকর্ষণে গড়ে ওঠা লা রিনকোনাদা দেখিয়ে দেয়, প্রাকৃতিক সম্পদের সন্ধানে মানুষ কত প্রতিকূল পরিবেশেও বসতি গড়ে তুলতে পারে। তবে সেখানে জীবনযাপনের মৌলিক সুযোগ-সুবিধার অভাবও বড় বাস্তবতা।

সূত্র : কালের কণ্ঠ

  • সর্বশেষ