আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক ও রাজনৈতিক ঘনিষ্ঠতা আরও প্রকাশ্যে আসছে। এর মধ্যেই রোববার গোপনে আবুধাবি সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তিনি। ইসরায়েলি গণমাধ্যম ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত উড়োজাহাজে করে রোববার সকালে আবুধাবি পৌঁছান নেতানিয়াহু। দিনের বেশির ভাগ সময় তিনি আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় অধিকৃত ভূখণ্ডে ফিরে যান তিনি। তবে সফর নিয়ে নেতানিয়াহুর কার্যালয় কিংবা আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের মধ্যে দুই দেশের সামরিক সহযোগিতাও জোরদার হয়েছে। যুদ্ধ চলাকালে ইসরায়েল সাময়িকভাবে আমিরাতে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছিল বলে খবর প্রকাশিত হয়। এর সঙ্গে ইসরায়েলি সামরিক কর্মকর্তারাও সেখানে অবস্থান করেন।
এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বারের মতো নেতানিয়াহুর গোপন আমিরাত সফরের খবর সামনে এল। রয়টার্সের তথ্য অনুযায়ী, ২৬ মার্চও তিনি গোপনে আমিরাত সফর করে শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছিলেন। সে সময় আমিরাত সরকার প্রকাশ্যে ওই বৈঠকের কথা অস্বীকার করেছিল।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ‘আব্রাহাম চুক্তির’ মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। এরপর দুই দেশের মধ্যে সামরিক, গোয়েন্দা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়তে থাকে। তবে ফিলিস্তিন ইস্যুতে আরব ও মুসলিম বিশ্বে এই সম্পর্ক নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে।
জাতিসংঘে নেতানিয়াহুর সাম্প্রতিক ভাষণের সময় ফিলিস্তিনে ইসরায়েলের কর্মকাণ্ড এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রতিবাদে বহু দেশের প্রতিনিধি অধিবেশনকক্ষ ছেড়ে গেলেও আমিরাত ও বাহরাইনের প্রতিনিধিরা সেখানে অবস্থান করেন। এর মধ্যেই নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর দুই দেশের সম্পর্কের রাজনৈতিক সংবেদনশীলতা নতুন করে সামনে এনেছে।