নেপাল থেকে নেমে আসা বন্যার পানির সঙ্গে ভারতের বিহারের গণ্ডক নদী ও আশপাশের প্লাবিত এলাকায় অচেনা ও অস্বাভাবিক দেখতে মাছ ভেসে আসায় সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিহারের ডেইরি, ফিশারিজ অ্যান্ড অ্যানিমেল রিসোর্সেস বিভাগের মৎস্য শাখা পশ্চিম চম্পারণ ও গোপালগঞ্জ জেলার বাসিন্দাদের এসব মাছ পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত খাওয়া বা বিক্রি না করার পরামর্শ দিয়েছে।
নেপাল থেকে আসা বন্যার পানি গণ্ডক নদীতে প্রবেশ করে পশ্চিম চম্পারণ ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকা প্লাবিত করেছে। কর্তৃপক্ষ বলছে, বন্যার পানিতে পুকুর, নদী ও অন্যান্য জলাশয় থেকে মাছ ভেসে গিয়ে অনেক দূরে চলে যেতে পারে।
এ সময় মাছ দূষিত নালা, মৃত প্রাণী ও বিভিন্ন ধরনের দূষিত পদার্থের সংস্পর্শে আসতে পারে। ফলে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের মাধ্যমে মাছ দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সরকারি পরামর্শে বলা হয়েছে, অচেনা বা অস্বাভাবিক দেখতে কোনো মাছ খাওয়া উচিত নয়। সংশ্লিষ্ট বিভাগ থেকে নিরাপদ হিসেবে নিশ্চিত না করা পর্যন্ত অপরিচিত মাছকে খাদ্য হিসেবে গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া