আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন কর্মকর্তাদের ওমানের বিরুদ্ধে হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি বলেছেন, এটি জাতিসংঘের সদস্য ও স্বাধীন রাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার প্রচেষ্টা এবং আমেরিকার শাসনব্যবস্থা ও নীতিনির্ধারণী কাঠামোর নৈতিক দেউলিয়াত্বের আরেকটি প্রমাণ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ী আজ শুক্রবার ভোরে ওমানের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের হুমকিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানান।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ওমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মার্কিন অর্থমন্ত্রীর হুমকিটি এর আগের হুমকিরই ধারাবাহিকতা। এর আগে ওমানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে আমেরিকা। --- পার্সটুডে
বাকায়ি আরও বলেন, অযৌক্তিক অজুহাতে ওমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি সম্পূর্ণ অবৈধ এবং এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ ধরনের আচরণের বিরুদ্ধে দায়িত্বশীল প্রতিক্রিয়া জানানো, যাতে আন্তর্জাতিক আইনি নীতিমালা লঙ্ঘনের প্রবণতা স্বাভাবিক বিষয় হয়ে না ওঠে।