শিরোনাম
◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ তিনবারের সংসদ সদস্য এ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন ◈ রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় ড. খন্দকার মোশাররফ হোসেন

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪২ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক আজ: চুক্তিতে ব্যর্থ হলে যুদ্ধের শঙ্কা

পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার পর দ্বিতীয় ধাপে বৈঠক মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে ইতোমধ্যে জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরাঘচি লিখেছেন, একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তি অর্জনের জন্য বাস্তব ধারণা নিয়ে আমি জেনেভায় আছি।  দুই দেশের উচ্চ পর্যায়ের এই বৈঠক পরোক্ষভাবে যুক্ত থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

ওয়াশিংটনের পক্ষ থেকে এই বৈঠকে থাকতে পারেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ আছে, তবে চুক্তি করা কঠিন হবে।

অন্যদিকে বৈঠকের আগে ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা শিথিল না হলে কোনো সমঝোতা হবে না। তাদের দাবি, সমঝোতা হলে তা হতে হবে দেওয়া-নেওয়ার ভিত্তিতে। শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি তারা মানবে না।

মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রস্তাবে ইরানের রাজি হওয়ার সম্ভাবনা শূন্য। এর আগে সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ট্রাম্পকে একই কথা বলেছেন। 

তিনি ট্রাম্পকে জানান, ইরানের সঙ্গে ভালো একটি চুক্তি সম্পন্ন করা অসম্ভব। বেনিয়ামিন দাবি করেন, যদি চুক্তি হয়েও যায় ইরান এই চুক্তি মেনে চলবে না।   

এদিকে ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়েই যাচ্ছেন যে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে চুক্তি না করলে ইরানে হামলা অনিবার্য। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দেওয়া মাত্রই মার্কিন বাহিনী অভিযান শুরু করবে। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন। 

পরিকল্পনার সংবেদনশীলতার কারণে ওই দুই কর্মকর্তা নাম প্রকাশ করেনি। এ ছাড়া এতে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান কূটনীতির জন্য ঝুঁকি তৈরি হতে পারে। 

মার্কিন এক কর্মকর্তা বলেছেন, পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী ছাড়াও হাজার হাজার সেনা পাঠাচ্ছে। এ ছাড়া যুদ্ধবিমান, গাইডেড-মিসাইল ডেসট্রয়ার এবং অন্যান্য যুদ্ধাস্ত্র পাঠানো হচ্ছে।

ইরানে সম্ভাব্য মার্কিন অভিযানের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, তেহরানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সব অপশন হাতে আছে। 

অন্যদিকে একই সময়ে হরমুজ প্রণালীতে নৌ মহড়া শুরু করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস, আইআরজিসি। ইরানও হুঁশিয়ার বার্তা দিয়েছে, তেহরানে যেকোনো ধরনের হামলাকে পুরো মাত্রার যুদ্ধ হিসেবে গণ্য করা হবে। দেশটি পাল্টা হামলার হুমকি দিয়েছে। 

এখন দেখার বিষয়, দেশ দুইটির মধ্যে দ্বিতীয় দফার বৈঠকে কী ফলাফল আসছে। এবার আলোচনা ব্যর্থ হলে কি দুই দেশের মধ্যে যুদ্ধ অনিবার্য?  

  • সর্বশেষ
  • জনপ্রিয়