শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০৬ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ পেল শুল্কমুক্ত সুবিধা: যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঘিরে মোদি সরকারের তীব্র সমালোচনা বিরোধী দলগুলোর

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। গত সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বাক্ষরিত এই চুক্তির ফলে মার্কিন তুলা অথবা কৃত্রিম তন্তু (ম্যান-মেড ফাইবার) ব্যবহার করে বাংলাদেশে উৎপাদিত টেক্সটাইল ও তৈরি পোশাক পণ্যের ওপর রপ্তানি শুল্ক কমিয়ে শূন্য শতাংশ করা হয়েছে। অন্যদিকে, ভারতের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তিতে তাদের টেক্সটাইল পণ্যের ওপর ১৮ শতাংশ শুল্ক বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। 

এই শুল্ক হারের বিষয়টি সামনে এনে ভারত সরকারের তীব্র সমালোচনা করেছে দেশটির বিরোধী দলগুলো। তাদের দাবি, আগে ভারতের ওপর যেখানে মাত্র ৩ শতাংশ শুল্ক ছিল, বর্তমান চুক্তিতে তা বেড়ে ১৮ শতাংশ হয়েছে এবং এটি বাংলাদেশের ওপর আরোপিত শুল্কের চেয়েও অনেক বেশি।

দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস এই চুক্তিকে ভারতের জন্য 'দুঃসংবাদ' হিসেবে অভিহিত করেছে। দলটির অভিযোগ, এর ফলে তিরুপুর, সুরাট এবং পানিপথের মতো বড় টেক্সটাইল হাবগুলো মার্কিন বাজারে ১৮ শতাংশ শুল্কের কারণে অসম প্রতিযোগিতার মুখে পড়বে। এছাড়া ভারতের তুলা ও সুতার অন্যতম প্রধান ক্রেতা হিসেবে বাংলাদেশের বাজার হারানোর ঝুঁকিও তৈরি হয়েছে।

বিরোধী দলটি এক বিবৃতিতে জানায়, এই বাণিজ্য চুক্তি ভারতের বস্ত্র শিল্পকে দুর্বল করবে এবং লক্ষ লক্ষ মানুষের জীবিকাকে ঝুঁকির মুখে ফেলবে। তারা আরও দাবি করে, টেক্সটাইল ও তৈরি পোশাকে শূন্য শুল্কের এই ধারা ভারতীয় অর্থনীতির ওপর দ্বিমুখী আঘাত। এটি একদিকে যেমন ভারতের অভ্যন্তরীণ তুলা চাষি ও সুতা উৎপাদনকারীদের ক্ষতিগ্রস্ত করবে, তেমনি অন্যদিকে তৈরি পোশাক রপ্তানিকারকদের জন্য প্রতিযোগিতা আরও কঠিন হয়ে পড়বে।। 

তাদের মতে, বাংলাদেশ বর্তমানে ভারতীয় তুলার বড় ক্রেতা হলেও, এই চুক্তির কারণে শূন্য শুল্ক সুবিধা পেতে বাংলাদেশ এখন মার্কিন তুলার দিকেই বেশি ঝুঁকবে। 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি ও অন্তর্বর্তী সরকারের বক্তব্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বশেষ এই বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশ ১৯ শতাংশ শুল্ক কমানোর সুবিধা নিশ্চিত করেছে। এর ফলে মার্কিন কাঁচামাল ব্যবহার করে তৈরি নির্দিষ্ট কিছু টেক্সটাইল ও পোশাক পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, ওয়াশিংটনে এই চুক্তিটি স্বাক্ষর করেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তুলার পাশাপাশি এই চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিধান রয়েছে। এছাড়া ই-কমার্সে শুল্ক আরোপ থেকে বিরত থাকা, যুক্তরাষ্ট্র নির্ধারিত মেধাস্বত্ব সুরক্ষা মানদণ্ড মেনে চলা এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সংস্কারে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে সমর্থনের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখনও বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নিতে যাচ্ছে বাংলাদেশ। আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৮ মাসের অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এই চুক্তি সম্পাদিত হলো।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়