থামছেই না হামের প্রকোপ। রোগটির উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছে আরও ছয়জন শিশু। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৩১ জন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৯৭৯ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮৮০ জন।
এর আগে সোমবারও (৩১ আগস্ট) ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জন শিশুর মৃত্যু হয়। আর আক্রান্ত হয় ১ হাজার ২৫৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭২ জন এবং সন্দেহজনক হাম রোগী ১ হাজার ১৫৯ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ১৯ হাজার ৩৮৪ জন এবং সন্দেহজনক হাম রোগী ১ লাখ ৫৯ হাজার ১৫০ জন।
অন্যদিকে চলতি বছরে নিশ্চিত হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন শিশু। এদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।