মনিরুল ইসলাম : সাগরকন্যা খ্যাত কুয়াকাটা-কে নতুনভাবে দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরতে আয়োজন করা হচ্ছে বর্ণিল “পর্যটন কার্নিভাল ২০২৬”। সমুদ্রের নীল জলরাশি, দীর্ঘ সৈকত আর বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির মেলবন্ধনে এই আয়োজন ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
আসন্ন এই কার্নিভাল যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, ঢাকা টকিজ এবং সানফ্লাওয়ার ৩৬০ ডিগ্রি।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৩ ও ২৪ অক্টোবর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতজুড়ে দুই দিনব্যাপী এই উৎসবে থাকবে নানা আকর্ষণীয় আয়োজন। এর মধ্যে রয়েছে ঘুড়ি উৎসব, শিশুদের জন্য বিচ ফুটবল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফুড ফেস্টিভাল, ফ্যাশন শো, পুথি পাঠ, বাউল গান, ডান্স শো এবং মিউজিক্যাল শো।
আয়োজকরা বলছেন, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে দেশের সংস্কৃতি ও বিনোদনকে একসঙ্গে উপস্থাপনের লক্ষ্যেই এই কার্নিভালের আয়োজন করা হয়েছে। এতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ সব বয়সী মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে নতুন মাত্রা দেবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিত করে তুলতেও সহায়ক হবে এই উদ্যোগ।
সমুদ্রের ঢেউ, উৎসবের রঙ আর সংস্কৃতির ছোঁয়ায় কুয়াকাটা হয়ে উঠতে যাচ্ছে এক অনন্য মিলনমেলা—যেখানে পর্যটন আর বিনোদনের এক নতুন অভিজ্ঞতা পেতে প্রস্তুত দেশবাসী।