মনিরুল ইসলাম : বাংলাদেশ ও চীনের চলচ্চিত্র শিল্পের পারস্পরিক সহযোগিতা জোরদার এবং যৌথ প্রযোজনার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। চীনের হায়নান প্রদেশের হাইকো শহরে এই আলোচনা হয় বলে চীন থেকে জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক ও বাংলাদেশ - চায়না ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিকদার।
আজ রবিবার ১৩ সেপ্টেম্বর হায়নান ফিল্ম প্রডিউসার অ্যান্ড আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক জাহাঙ্গীর সিকদার।
বৈঠকে দুই দেশের চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসব আয়োজন এবং যৌথভাবে সিনেমা নির্মাণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, প্রযুক্তি বিনিময়, লোকেশন শুটিং সুবিধা এবং বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেওয়া হয়।
জাহাঙ্গীর সিকদার বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের সম্ভাবনা তুলে ধরে হায়নান অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, দুই দেশের সংস্কৃতি ও গল্পকে একসঙ্গে তুলে ধরতে যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় হায়নান ফিল্ম প্রডিউসার অ্যান্ড আর্টিস্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আমন্ত্রণ গ্রহণ করে জানান, আগামী ডিসেম্বর মাসে তারা বাংলাদেশ সফরে আসবেন। সফরকালে তারা বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএফডিসি) এবং চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সমিতির সঙ্গে মতবিনিময় করবেন।
তিনি জানান, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি চলচ্চিত্রের অবস্থান আরও শক্তিশালী হবে এবং নতুন বাজার তৈরির সুযোগ সৃষ্টি হবে।