মনিরুল ইসলাম : টলিউডে আবারও বেজে উঠেছে বিয়ের সানাই। আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় অভিনেত্রী মিমি চত্রুবর্তী । শোনা যাচ্ছে, বহুদিনের একাকী জীবনের অবসান ঘটিয়ে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি নায়িকা।
বিনোদন অঙ্গনে জোর গুঞ্জন—আগামী ডিসেম্বরেই চার হাত এক হতে পারে। বিয়ের আসর বসতে পারে পাহাড়ি শহর কালিম্পঙে। ইতোমধ্যে ঘনিষ্ঠ মহলে নিমন্ত্রণের তোড়জোড় শুরু হয়েছে বলেও শোনা যাচ্ছে। তবে এসবই এখনো অনানুষ্ঠানিক তথ্য; নিশ্চিত করে কিছুই জানাননি মিমি নিজে।
গুঞ্জনের আরেকটি বড় দিক হচ্ছে সম্ভাব্য পাত্রকে ঘিরে। টলিউডের বাইরের একজনের সঙ্গে সম্পর্কের কথা শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্রের দাবি, ওই ব্যক্তি পেশায় একজন নৌবাহিনীর কর্মকর্তা। যদিও তার পরিচয় এখনো গোপনই রয়েছে।
ব্যক্তিজীবন নিয়ে বরাবরই সংযত মিমি চত্রুবর্তী বিয়ে প্রসঙ্গে অতীতে বারবার তিনি বলেছেন, কাজ, বই এবং পোষ্যদের নিয়েই তিনি স্বাচ্ছন্দ্যে আছেন। এমনকি ‘সময় নেই’ বলেও একাধিকবার মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী। ফলে হঠাৎ করেই বিয়ের এই গুঞ্জন ঘিরে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
এদিকে, শোনা যাচ্ছে বিয়ের আগে নভেম্বরেই হতে পারে আংটি বদলের অনুষ্ঠান। অনেকেই ধারণা করছেন, বলিউডি ধাঁচে হয়তো শিগগিরই নিজের সঙ্গীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন মিমি।
সব মিলিয়ে, বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে টলিপাড়ার আলোচনায় আপাতত একটাই প্রশ্ন—মিমি কি সত্যিই বিয়ে করছেন? তথ্য সূত্র : আনন্দবাজার ডট কম