বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বইয়ে। অভিনেত্রীর মা আশা প্যাটেলের বাড়ি থেকে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের হিরে বসানো সোনার বালা চুরির অভিযোগ উঠেছে। ঘটনায় ৪০ বছরের এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ।
মুম্বইয়ের চার্চগেটে অমীষার বাবা-মায়ের বাড়িতেই নাকি ঘটেছিল এই চুরি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলার নাম সীমা বিনোদ ঘাটে। তিনি পালঘর/ভিরার এলাকার বাসিন্দা এবং প্রায় দেড় বছর ধরে অমীষার মায়ের বাড়িতে গৃহকর্মীর কাজ করছিলেন। -- আজকাল
পুলিশের দাবি, চলতি বছরের জানুয়ারি মাসে বাড়ি থেকে হিরে বসানো সোনার বালাটি উধাও হয়ে যায়। গয়না খুঁজে না পাওয়ার পর পরিবারের সন্দেহ গিয়ে পড়ে বাড়ির পরিচারিকার উপর। আমিশার মা নাকি গত পাঁচ-ছয় মাস ধরে অভিযুক্তকে গয়না ফেরত দেওয়ার জন্য অনুরোধ করছিলেন এবং চুরির কথা স্বীকার করতে বলেছিলেন। কিন্তু গয়না ফেরত না পাওয়ায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তিনি।
অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে মেরিন ড্রাইভ থানার পুলিশ। প্রথমে অজ্ঞাতপরিচয় এক মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এরপর ক্রাইম ডিটেকশন টিম তদন্তে নেমে অভিযুক্তকে ভিরার থেকে খুঁজে বের করে। তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করা হলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এখনও পর্যন্ত চুরি যাওয়া গয়নাটি উদ্ধার হয়নি। পুলিশ এখন গয়না উদ্ধারের পাশাপাশি অভিযুক্তের কোনও পুরনো অপরাধের রেকর্ড রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত কি না, সেই সম্ভাবনাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। অভিনেত্রীর পরিবারে এমন চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে চাঞ্চল্য। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অবশ্য গয়না চুরির অভিযোগের সমস্ত দিকই খতিয়ে দেখছে পুলিশ।
আমিশা প্যাটেল ২০০০ সালে ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ‘গদর: এক প্রেম কথা’, ‘হামরাজ’, ‘ভুলভুলাইয়া’, ‘রেস ২’-এর মতো ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান। ২০২৩ সালে ‘গদর ২’-এর মাধ্যমে ফের বড় পর্দায় নজর কাড়েন তিনি।