বিনোদন ডেস্ক : সম্প্রতি রিয়্যালিটি অনুষ্ঠান ‘অ্যালায়েন্স’-এ জয়ী হয়েছেন মিনি মাথুর। দীর্ঘদিন ধরে টেলিভিশন, অনলাইন এবং সিনেমাজগতের সঙ্গে যুক্ত মিনি। তিনি শুধু জনপ্রিয় টেলিভিশন সঞ্চালিকা ও অভিনেত্রীই নন, তিনি পরিচালক কবীর খানের স্ত্রীও। এ বার নিজের দীর্ঘ কর্মজীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন মিনি। জানালেন, দ্বিতীয় বার মা হওয়ার সিদ্ধান্ত তাঁর পেশাগত জীবনের উপর কী ভাবে প্রভাব ফেলেছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন মিনি। সেখানেই তিনি জানান, দ্বিতীয় সন্তান সাইরা হবে, সেই কথা জানাতেই তাঁকে ‘ইন্ডিয়ান আইডল’ সঞ্চালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। -- আনন্দবাজার
মিনি জানান, ‘ইন্ডিয়ান আইডল’-এর চতুর্থ মরসুম শেষ হওয়ার পর তিনি দ্বিতীয় বারের জন্য অন্তঃসত্ত্বা হন। পরবর্তী সিজ়নের প্রস্তুতি শুরুর সময়েই তিনি সেই খবর জানিয়ে দেন নির্মাতাদের। তিনি জানান, অডিশনের সময় তাঁর কোনও সমস্যা হবে না। কিন্তু ধীরে ধীরে অনুষ্ঠানের শেষের দিকে তাঁর স্ফীতোদর স্পষ্ট বোঝা যাবে।
মিনি জানান, এর পরেই তাঁকে বলা হয়েছিল, “আপনি এই সিজ়নে থাকবেন না।” কারণ? “ভারতীয় দর্শক নাকি অন্তঃসত্ত্বা সঞ্চালিকাকে মেনে নিতে পারবে না।
এই সিদ্ধান্তে যে তিনি ভীষণ হতাশ হয়েছিলেন, তা স্পষ্ট করেন মিনি। বুঝেছিলেন, সমাজের অগ্রগতি হলেও বেশির ভাগ মানুষেরই মানসিক পরিধি এখনও সীমিত। মিনি বলেন, “আমার খুব খারাপ লেগেছিল। মনে হয়েছিল, এই মানুষগুলো পৃথিবীতে কী ঘটছে, সেটা দেখতেই পাচ্ছেন না। পরে ‘ইন্ডিয়ান আইডল’-এর ষষ্ঠ সিজ়নে তাঁকে আবার সঞ্চালিকা হিসাবে ফিরে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ততদিনে তাঁর মন বদলে গিয়েছিল।
মিনি বলেন, “আমাকে ষষ্ঠ সিজ়নের জন্য আবার ডাকা হয়েছিল। কিন্তু ততদিনে আমি মন বদলে ফেলেছি। ওঁদের জানিয়ে দিই যে, আমি আর ওখানে কাজ করতে চাই না। টেলিভিশনে মিনি কেরিয়ার শুরু করেছিলেন আর মাধবনের সঙ্গে ‘তোল মোল কে বোল’ অনুষ্ঠানের মাধ্যমে। এর পরে বহু বছর এমটিভি-র ‘ভিডিয়ো জকি’ হিসেবেও কাজ করেন তিনি। তবে ‘ইন্ডিয়ান আইডল’-এর হাত ধরেই তাঁর পরিচিতি ঘরে ঘরে। পরবর্তী কালে অভিনয়ও করেছেন তিনি।
মিনি ও কবীরের বিয়ে হয়েছে প্রায় ২৮ বছর। তাঁদের প্রথম পরিচয় হয়েছিল কাজের সূত্রেই।