বিনোদন ডেস্ক : বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দা ইদানিং তাঁর পেশাদার জীবনের চেয়ে ব্যক্তিগত নানা বিতর্কের জন্যই খবরের শিরোনামে বেশি রয়েছেন। দীর্ঘ সময় ধরে অভিনেতা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার মধ্য দূরত্ব এবং দাম্পত্য কলহ নিয়ে গুঞ্জন চললেও, সম্প্রতি তা এক বিস্ফোরক আকার নিয়েছে। সুনীতা এর আগেই প্রকাশ্যেই স্বীকার করেছেন যে তিনি এখন গোবিন্দার সঙ্গে এক ছাদের নীচে থাকেন না। আর এর মাঝেই সুনীতার আদালতে উপস্থিতি এই দম্পতিকে নিয়ে চলা জল্পনাকে আগুনে ঘৃতাহুতি দিয়েছে।
সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে ছেলে যশবর্ধন আহুজা এবং তাঁদের আইনজীবীকে সঙ্গে নিয়ে উপস্থিত হন সুনীতা আহুজা। প্রায় চার দশক ধরে গোবিন্দার সঙ্গে বিবাহিত জীবন কাটিয়ে আসা সুনীতার এই হঠাৎ আদালত প্রাঙ্গণে উপস্থিতি সংবাদমাধ্যম ও অনুরাগীদের কৌতূহলকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এরপর সুনীতাকে আদালত থেকে বের হওয়ার সময় ঘিরে ধরেছিল পাপারাৎজির দল। তবে আদালতের অন্দরে ঠিক কী কারণে তাঁদের এই উপস্থিতি, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। নিজের স্বভাবসুলভ রসিকতা বজায় রেখে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি শুধু বলেন, “জন্মদিন পালন করতে এসেছি!” এরপর আর একটিও প্রশ্নের উত্তর না দিয়েই গাড়িতে উঠে চলে যান তিনি।
সহকর্মী কোমল রানি স্বর্ণকার-এর সঙ্গে গোবিন্দার ঘনিষ্ঠতা নিয়ে এর আগেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন সুনীতা। বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পরই সুনীতা রাখঢাক না রেখেই গোবিন্দাকে একহাত নেন। তীব্র আক্রমণ করে তিনি বলেন,“আগে তো সিনেমা তৈরি হতে হবে! ছবি তৈরি না হতেই কিসের আবার প্রচার? নিজের মেয়ের বয়সি একটা মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, একটু তো লজ্জা হওয়া উচিত। একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার। আপনার সুগার ড্যাডি এত ধনী, অন্তত ঠিকঠাক একটা পোশাক তো পরুন!
স্ত্রীর এই লাগাতার প্রকাশ্যে আক্রমণ এবং পডকাস্টের মাধ্যমে তাঁকে হেয় করার চেষ্টার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন খোদ গোবিন্দা। এক প্যাপের সামনে মুখ খুলে অভিনেতা সাফ জানিয়ে দেন যে, সুনীতার নেপথ্যে কারা উসকানি দিচ্ছে তা সকলেরই জানা। সুনীতাকে নিজের সীমা লঙ্ঘন না করার সতর্কবার্তা দিয়ে অভিনেতা বলেন, “ভবিষ্যতেও তোমার আমার সাহায্য লাগতে পারে, তাই দয়া করে এই ধরনের মন্তব্য করা এবং আমাকে অপমান করার জন্য এই পডকাস্ট চালানো বন্ধ করো। নিজের সীমাটা একটু বোঝো।
১৯৮৭ সালের মার্চ মাসে বিয়ে করেছিলেন গোবিন্দা-সুনীতা। এই জুটির সংসারে দুই সন্তান—কন্যা টিনা এবং পুত্র যশবর্ধন। কিন্তু বর্তমানে যেভাবে এই পারিবারিক দ্বন্দ্ব প্রকাশ্য রাস্তায় ও আদালতের দোরগোড়ায় এসে পৌঁছেছে, তাতে অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত কী হাল হবে গোবিন্দা ও সুনীতার দীর্ঘদিনের এই সংসারের?