মনিরুল ইসলাম : আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে কৌশল নির্ধারণে বৈঠকে বসেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা। আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দলীয় অবস্থান, ভোটকৌশল এবং সমন্বয় নিয়ে আলোচনা করতেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
বৈঠকে রাষ্ট্রপতি পদে বিএনপি ও সমমনা দলের মনোনীত প্রার্থী, দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন। এছাড়া সংসদীয় দলের অন্যান্য সদস্যরাও অংশ নেন।
আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের সভাকক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন সংসদ সদস্য।
দীর্ঘ ৩৫ বছর পর এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা রাজনৈতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব সৃষ্টি করেছে। এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা জোটের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর জাতীয় সংসদে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। সে সময় বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আব্দুর রহমান বিশ্বাস পেয়েছিলেন ১৭২ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।
বৈঠক শেষে চীফ হুইপ নূরুল ইসলাম মনি ব্রিফিং করেন।