মনিরুল ইসলাম : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, একটি কার্যকর ও জনবান্ধব নগর প্রশাসন গড়ে তুলতে গণমাধ্যমের সক্রিয় সহায়তা অপরিহার্য। তিনি মনে করেন, নাগরিকদের সঙ্গে সিটি করপোরেশনের সম্পর্ক আরও জোরদার করতে হলে সংবাদমাধ্যমকে উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করতে হবে।
আজ সোমবার ১০ আগস্ট বিকেলে রাজধানীর নগর ভবনে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, “ঢাকাবাসীদের এই শহরকে নিজের মনে করতে হবে। শহরের প্রতি মমত্ববোধ তৈরি না হলে নাগরিক দায়িত্ববোধও জাগ্রত হবে না।” তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে নগরবাসীর জন্য আরও ব্যাপকভাবে কাজ করতে পারবেন।
তিনি আরও বলেন, “আমরা চাই সিটি করপোরেশন আরও শক্তিশালী হোক এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়ুক। নাগরিক সমস্যাগুলো গণমাধ্যমে উঠে এলে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা সহজ হয়। তাই গণমাধ্যমকে আমরা উন্নয়নের অন্যতম প্রধান অংশীদার হিসেবে দেখি।”
ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে ডিএসসিসি কাজ করছে উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক বলেন, এ লক্ষ্যে গৃহীত মহাপরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।
তিনি জানান, ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে যাত্রা শুরু করা ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ডিএসসিসি “হৃদয়ে ঢাকা” শীর্ষক বিশেষ উৎসবের আয়োজন করেছে। এ উপলক্ষে নগরীর ঐতিহ্য, বর্তমান সমস্যা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন আহমেদ বলেন, ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে নেওয়া উদ্যোগ প্রশংসনীয়। তিনি জানান, ঢাকাভিত্তিক যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সংগঠন সিটি করপোরেশনের পাশে থাকবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন হোসেন বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে ডিএসসিসির সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে নগর ভবনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এ বি এম রফিকুর রহমান, সহ- সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অনজন রহমান, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম, জনকল্যাণ সম্পাদক নূরুন্নবী রবি এবং সদস্য গ্যালমান শফি, লুৎফর রহমান, দেলোয়ার হোসেন বাদল ও কুশর ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।