শিরোনাম
◈ বিদেশ ভ্রমণে ডলার জোগাড়ের ঝামেলা কমল, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের ◈ বিভ্রান্তকারী ও বিশৃঙ্খলাকারীদের বিষয়ে সর্তক থাকার আহবান জানিয়েছেন তারেক রহমান ◈ তারেক রহমান-মোদি আলোচনায় বসলে বহু সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার ◈ রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল (অব.) অলিকে প্রার্থী করার কারণ জানালেন নাহিদ ইসলাম ◈ বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদ ◈ ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার দেখলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ◈ যে সুখবর পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির পক্ষে দুই মনোনয়নপত্র সংগ্রহ ◈ যুক্তরাষ্ট্রে উটাহতে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০২:১৩ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন

স্থগিতাদেশ নিয়ে উজ্জ্বল–লিপু পরিষদের ব্যাখ্যা, ‘আইনসম্মত নির্বাচনের’ দাবি

মনিরুল ইসলাম : বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে চলমান জটিলতা ও আদালতের স্থগিতাদেশ প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ‘মেগাস্টার উজ্জ্বল–লিপু পরিষদ’। এক লিখিত বক্তব্যে পরিষদটি দাবি করেছে, নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা পক্ষকে লক্ষ্য করে নয়; বরং এটি একটি আইনসম্মত, স্বচ্ছ ও গঠনতন্ত্রসম্মত নির্বাচন নিশ্চিত করার অংশ।

আজ রোববার  দুপুরে  এফডিসির জহির রায়হান কালারল্যাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে বলা হয়, একটি বাণিজ্যিক সংগঠনের নির্বাচন শুধুমাত্র ভোটগ্রহণের বিষয় নয়, বরং তা সংগঠনের গঠনতন্ত্র, আইনি কাঠামো, সদস্যদের আস্থা ও সুশাসনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।  বক্তব্য রাখেন সভাপতি পদপ্রার্থী আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।  উপস্থিত ছিলেন, আলীমুল্লাহ খোকন,  অনন্য মামুন, এম এন ইস্পাহানীসহ পরিষদের অন্যান্য প্রার্থীরা।

 লিখিত বক্তব্যে  উল্লেখ করা হয়, সমিতির গঠনতন্ত্রে কার্যনির্বাহী কমিটিতে ধারাবাহিক মেয়াদসংক্রান্ত বিধান নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। বিশেষ করে ট্রেড অর্গানাইজেশনের আইন ২০২৫-এর ১৮(ক) ধারা অনুযায়ী, পরপর দুই মেয়াদ দায়িত্ব পালনকারীদের এক মেয়াদ বিরতি দেওয়ার বিধান কার্যকর রয়েছে।

উজ্জ্বল–লিপু পরিষদের দাবি, অতীতে একাধিক মেয়াদে দায়িত্ব পালনকারী কয়েকজন প্রার্থীর প্রার্থিতা এই বিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ নিয়ে পূর্বে নির্বাচন কমিশন ও আপিল কমিশনের ভিন্নমুখী সিদ্ধান্ত, উচ্চ আদালতের রিট এবং একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু জানান,  খোরশেদ আলম খসরু ও শামসুল আলম এর  প্রার্থিতা নিয়ে নির্বাচন কমিশন ও আপিল কমিশনের বিপরীত সিদ্ধান্তের পর বিষয়টি এফবিসিসিআই ট্রাইব্যুনালে গড়ায়। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় উচ্চ আদালতের শরণাপন্ন হন তারা।

তিনি বলেন, আবেদন নম্বর ১০৮৫৬-এর শুনানি শেষে উচ্চ আদালত পূর্ববর্তী মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই মাসের জন্য নির্বাচন স্থগিত রাখার অন্তর্বর্তী আদেশ দিয়েছেন। আদালতের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নির্বাচন কমিশনও ভোটগ্রহণ স্থগিত করেছে।

আরও বলা হয়, ২০১৯–২০২১ মেয়াদের নির্বাচনসহ পূর্ববর্তী কয়েকটি নির্বাচনে একই ধরনের আইনি প্রশ্ন উত্থাপিত হয়েছিল। অভিযোগ করা হয়, কিছু ক্ষেত্রে বিচারাধীন বিষয় গোপন রেখে নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছে, যা পরবর্তীতে প্রশাসনিক ও আইনি জটিলতা সৃষ্টি করেছে।

একই সঙ্গে দাবি করা হয়, অতীতে বিভিন্ন সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রার্থিতা বাতিল, নির্বাচন স্থগিত এবং পুনরায় নির্বাচন আয়োজনের নজির রয়েছে।

উজ্জ্বল–লিপু পরিষদ নির্বাচন কমিশন, আপিল কমিশন, এফবিসিসিআই ট্রাইব্যুনাল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সকল সিদ্ধান্তের সুস্পষ্ট আইনি ভিত্তি প্রকাশ করতে হবে। গঠনতন্ত্র যথাযথভাবে প্রয়োগ নিশ্চিত করতে হবে। বিচারাধীন বিষয় নিষ্পত্তির পর নির্বাচন আয়োজন করতে হবে।

সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, তাদের এই অবস্থান কোনো ব্যক্তি বা প্রার্থীর বিরুদ্ধে নয়। বরং একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এবং বিতর্কমুক্ত নির্বাচন নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

উজ্জ্বল ও লিপু পরিষদ ভোটারদের উদ্দেশে বলেন,  নির্বাচন বাতিল বা ভোটাধিকার হরণের অভিযোগে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এদিকে, সংবাদ সম্মেলনে  প্রশ্ন তোলা হয়েছে অতীতে একাধিক মেয়াদে দায়িত্ব পালনকারীরা কেন পুনরায় প্রার্থী হচ্ছেন। এবং গঠনতন্ত্রের বিধান কতটা মানা হচ্ছে—এসব বিষয় নিয়েই এখন মূল বিতর্ক  চলচ্চিত্র অঙ্গনে বলে তারা মনে করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়