মনিরুল ইসলাম: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-এ চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠনের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে এফডিসির ৭ নম্বর ফ্লোরে আয়োজিত এ সভায় চলচ্চিত্র অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন এবং বিভেদ সৃষ্টিকারী ও বহিরাগত অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।
সভায় বক্তব্য রাখেন চিত্রনায়ক ঘোষিত কমিটির আহবায়ক হেলাল খান, সদস্য সচিব ও শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, সংগঠক ও ফিল্মক্লাবের সভাপতি শামসুল আলম এবং নানা শাহসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র অঙ্গনে কিছু গোষ্ঠী বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, যা শিল্পের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে। এসব কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তারা হুঁশিয়ার করে বলেন, চলচ্চিত্রাঙ্গনে বহিরাগতদের কোনো ধরনের অপতৎপরতা বরদাস্ত করা হবে না এবং এর বিরুদ্ধে ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে।
চিত্রনায়ক হেলাল খান তার বক্তব্যে স্পষ্টভাবে বলেন, তিনি চলচ্চিত্র অঙ্গনে কোনো বিভেদ বা প্রতিহিংসা চান না। বরং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তার ভাষায়, “আমরা যদি এক থাকি, তাহলে চলচ্চিত্রের উন্নয়ন সম্ভব। বিভাজন নয়, ঐক্যই আমাদের শক্তি।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রীও দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন চান, তাই এই সুযোগকে কাজে লাগাতে হলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব পরিহার করে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে।
সভায় অন্যান্য বক্তারাও একই সুরে কথা বলেন। তারা বলেন, চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে হলে সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জরুরি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে শিল্পের বৃহত্তর স্বার্থে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, এই ১৯ সংগঠনের সম্মিলিত উদ্যোগ চলচ্চিত্র শিল্পকে নতুনভাবে সংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে দীর্ঘদিনের বিভিন্ন সংকট—প্রযোজনা কমে যাওয়া, হল সংকট, প্রযুক্তিগত উন্নয়নের অভাব—এসব কাটিয়ে উঠতে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিচিতি সভার মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটি চলচ্চিত্রাঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছে।
৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি
চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি এবং ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
উপদেষ্টা: খোরশেদ আলম খসরু, কাজী হায়াৎ, এ জে রানা, আওলাদ হোসেন উজ্জ্বল ও নানাশাহ।
আহ্বায়ক কমিটি:
কার্যনির্বাহী সদস্যরা হলেন: শহীদুল্লাহ দুলাল, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা দেবু, শহিদুল হক, সম্রাট চৌধুরী, আব্দুল মান্নান, জনাব জাহিদুল ইসলাম, মাজহার বাবু, আলমগীর রতন, জাহাঙ্গীর শিকদার, মোজাহারুল ইসলাম ওবায়েদ, আজিজ রেজা, ইমদাদুল হক খোকন, জামান আখতার, সানি আলম, জি ডি পিন্টু, জাকির হোসেন, শামসুল ইসলাম, মো. সেলিম, মো. নাজিম উদ্দিন, মো. বাবুল, মো. স্বপন, মো. লোকমান, নীল কমল নন্দী, মো. হারুন অর রশিদ, বিমল সরকার, মো. ইব্রাহীম, উত্তম শুভ এবং কামরুল ইসলাম টিপু।