মনিরুল ইসলাম: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল আলোচিত নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৯ টা থেকেই ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রজুড়ে প্রত্যাশিত ভিড় দেখা যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকায় প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
নির্বাচন কেন্দ্র পরিদর্শনে দেখা যায়, বিভিন্ন প্যানেলের প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে কেন্দ্রের আশপাশে অবস্থান করছেন। তবে বড় ধরনের জনসমাগম না থাকায় নির্বাচন ঘিরে আগের মতো উৎসবমুখর পরিবেশ অনেকটাই অনুপস্থিত। ভোটারদের একটি অংশ দেরিতে কেন্দ্রে আসতে পারেন বলে ধারণা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। আজ জুম্মাবার। নামাজের পর ভোটার উপস্থিতি বাড়বে বলে জানায় সংশ্লিষ্টরা।
সহ-সাধারন সম্পাদক প্রার্থী রিনা খানকে ভোটারদের উদ্দেশ্য এক ভিডিওতে বলতে দেখা যায়, আপনারা চলে আসুন।।আমরা আপনাদের অপেক্ষায় রয়েছি।।আমরা সবাই এক রং এর পোষাক পড়ে আপনাদের স্বাগত জানাতে বসে আছি। আর মুক্তি ব্যস্ত আছেন আপনারা দেখছেন। আমাদেরকে ভোট দিবেন। দোয়া করবেন।
রিনা খান আরমান- মুক্তি প্যানেল থেকে নির্বাচন করছেন। এই প্যানেলের সব নারী প্রার্থীরা ভোটারদের আকর্ষণ করতে এক রং এর শাড়ি পড়েছেন। প্রার্থীরা অভিযোগ করছেন, অনেক ভোটার এখনো কেন্দ্রে আসেননি। নির্বাচন কমিশন বলছে, দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দিন শেষে ভোটার উপস্থিতির হার এবং ফলাফলই নির্ধারণ করবে এই নির্বাচনের চূড়ান্ত চিত্র। সংশ্লিষ্টদের মতে, শেষ মুহূর্তে ভোটার উপস্থিতি বাড়লে নির্বাচনের উত্তেজনাও বাড়তে পারে।