স্পেনের বাজারে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (২৬ অক্টোবর) স্পেনের সেভিলে ‘তৃতীয় বাংলাদেশ-স্পেন এক্সপো ২০২৬’ উদ্বোধনকালে স্প্যানিশ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের প্রতি তিনি এ আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের একজন মন্ত্রী, সিনেটর, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এই এক্সপোতে তৈরি পোশাক, চামড়া, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, পাটজাত পণ্য, রাসায়নিক ও গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন খাতের প্রায় ৪০টি বাংলাদেশি ও স্প্যানিশ প্রতিষ্ঠান অংশ নেয়।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, রপ্তানি বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে বাংলাদেশ। বর্তমানে দেশে ওষুধ, চামড়া ও জুতা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত উৎপাদনশিল্পে বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের ‘সোনালী আঁশ’ পাটের বৈশ্বিক চাহিদার কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, আধুনিক ফ্যাশন, ডিজাইন এবং পরিবেশবান্ধব পণ্যের বাজারে পাটের বিশাল সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ফ্যাশন ও সাংস্কৃতিক শিল্পের সমন্বয়ে গঠিত 'ক্রিয়েটিভ ইকোনমি' বা সৃজনশীল অর্থনীতি কীভাবে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনে ভূমিকা রাখছে তা বিশদভাবে তুলে ধরেন। পাশাপাশি সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও নতুন বাজার সম্প্রসারণের সুযোগের কথাও উল্লেখ করেন তিনি।
এ সময় দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে 'স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র উদ্যোগের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। এছাড়া, বাংলাদেশের তৈরি পোশাক খাতের বিকাশে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন তিনি।
এক দিনের এই এক্সপোর মাধ্যমে বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।