৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫,০০০ টাকা) করছাড় বা প্রণোদনা পাবেন ব্যক্তিশ্রেণির করদাতারা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী ২০২৬-২৭ করবর্ষের জন্য এই নিয়ম কার্যকর করেছে।
১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
রবিবার (২ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ।
তিনি বলেন, এনবিআর করদাতাদের সময়মতো আয়কর রিটার্ন দাখিলে উৎসাহিত করতে নতুন কর প্রণোদনা কার্যকর করেছে। আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ব্যক্তি শ্রেণির করদাতারা করছাড়ের সুবিধা পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের করদাতারা আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭৩ অনুযায়ী পরিশোধযোগ্য করের ৫ শতাংশ পর্যন্ত কর প্রণোদনা পাবেন। তবে, এ করছাড়ের সর্বোচ্চ সীমা হবে ২৫ হাজার টাকা।
এনবিআর জানায়, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করলে কোনো কর প্রণোদনা পাওয়া যাবে না। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা, যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে।
এছাড়া ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা, যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।
এনবিআর জানায়, কর প্রণোদনার এ ব্যবস্থা করদাতাদের নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিলে উৎসাহিত করবে। একই সঙ্গে স্বেচ্ছায় কর পরিপালনের সংস্কৃতি জোরদার হবে এবং কর প্রশাসনের কার্যক্রম আরও দক্ষ ও সুশৃঙ্খল হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২২ জুলাই থেকে ২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা চালু হয়েছে। এনবিআরের ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই আয়কর রিটার্ন দাখিল করা যাচ্ছে। একই সঙ্গে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ এবং রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধের সুবিধাও রয়েছে।