স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়কাল তিন বছর বাড়ানোর জন্য বাংলাদেশ থেকে একটি উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন আদায়ের অংশ হিসেবে এবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
প্রতিনিধিদলের অন্য ৭ সদস্য হলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. মো. ফজলে রাব্বি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের (নিউইয়র্ক) ইকোনমিক মিনিস্টার সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এবং ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড এক্সেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মনজুর।
একই কারণে এ মাসের প্রথম দিকে একটি প্রতিনিধিদলের নেপাল যাওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় আলাপচারিতা জুম বৈঠকে হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল বৃদ্ধির বিষয়ে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) ইতিবাচক মতামত প্রদান করেছে। যদিও সিডিপি তাদের চিঠি ও মূল্যায়ন প্রতিবেদনে প্রস্তুতিকাল কত বছর বৃদ্ধি করা হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সুপারিশ করেনি, তবে বাংলাদেশের অনুরোধকৃত ৩ বছরের তুলনায় অপেক্ষাকৃত কম সময়ের প্রস্তুতিকাল বৃদ্ধির পক্ষে মতামত দিয়েছে।
সিডিপির এ মতামতের ভিত্তিতে পরবর্তীতে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) এবং জাতিসংঘ সাধারণ পরিষদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বৃদ্ধির পক্ষে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের সমর্থন অর্জনের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ১৪-১৯ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর সফর করবে প্রতিনিধিদল।
সফরকালে প্রতিনিধিদল জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশ সরকারের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ প্রচারণামূলক নৈশভোজে অংশগ্রহণ করবেন। এসব বৈঠক ও অনুষ্ঠানে প্রতিনিধিদল বাংলাদেশের এলডিসি-উত্তরণ প্রস্তুতি, গৃহীত নীতি ও সংস্কার কার্যক্রম এবং টেকসই উত্তরণের লক্ষ্যে সরকারের প্রস্তুতিমূলক পদক্ষেপ তুলে ধরবেন। একই সঙ্গে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশের পরিবর্তন এবং জাতীয় অর্থনীতির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রস্তুতিকাল ৩ বছর বৃদ্ধির পক্ষে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন আশা করবেন বলে জানা গেছে।
আরও জানা গেছে, ৭-১৫ জুলাই নিউইয়র্কে ইকোসকের উদ্যোগে হাই-লেভেল পলিটিক্যাল ফোরাম অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ওই ফোরামে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর যোগ দিয়েছেন। নির্ধারিত কর্মসূচির পাশাপাশি তিনি অন্যান্য প্রতিনিধিদলের বৈঠক ও প্রচারণামূলক কার্যক্রমে অংশগ্রহণ করলে বাংলাদেশের পক্ষে কূটনৈতিক প্রচারণা আরও জোরদার হবে এবং সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন অর্জনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে উপদেষ্টা তার আগ্রহ প্রকাশ করেছেন।
এই প্রেক্ষাপটে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক সমর্থন অর্জনের উদ্দেশ্যে ১৪-১৯ জুলাই নিউইয়র্ক সফরকারী প্রতিনিধিদলে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। উৎস: বাংলা নিউজ24