সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে বৈরী আবহাওয়ার কারণে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। সাগর উত্তাল থাকায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সেন্টমার্টিন ভ্রমণে যেতে আগ্রহী পর্যটকদের যাত্রা স্থগিত করা হয়েছে।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান আজ বৃহস্পতিবার ভোরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আবার জাহাজ চলাচল শুরু হবে।’
তিনি বলেন, বৃহস্পতিবার সেন্টমার্টিন যাওয়ার জন্য যেসব পর্যটক জাহাজের টিকিট কিনেছেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে তাঁরা ওই একই টিকিটে দ্বীপ ভ্রমণে যেতে পারবেন।
ওই টিকিটে যেসব পর্যটক আবহাওয়ার কারণে দ্বীপে ভ্রমণে যেতে চাইবেন না, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
তিনি বলেন, ‘যেসব পর্যটক যেতে চাইবেন না, তাঁদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। এ ছাড়া সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে।’
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরকে ২ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দিয়েছে আবহাওয়া দপ্তর।
উল্লেখ্য, চলতি পর্যটন মৌসুমে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পাঁচটি পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি সরকারের দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। তৎমধ্যে তিনটি জাহাজ গত ৫ নভেম্বর থেকে চলাচল শুরু করে।