জাকির হোসাইন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : একটি সেতুর অভাবে বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার প্রায় আট গ্রামের ৩০ হাজার মানুষ। বর্ষায় নদী পার হতে হয় কলাগাছের ভেলায়, আর শুকনো মৌসুমে ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকতে হচ্ছে শিশু, শিক্ষার্থী, কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষকে। স্বাধীনতার পর থেকে এমন দুর্ভোগ পোহালেও আজও নির্মাণ হয়নি একটি স্থায়ী সেতু।
স্থানীয়দের নিজস্ব উদ্যোগে প্রতি বছর বাঁশ সংগ্রহ করে তৈরি ও মেরামত করা হয় সাঁকোটি। কিন্তু বছর ঘুরতেই নড়বড়ে হয়ে পড়ে সেটি। জীবিকার তাগিদে প্রতিদিনই এই ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হয় নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুদের।
বিশেষ করে বর্ষা মৌসুমে বেড়ে যায় দুর্ভোগ। নদীর পানি বৃদ্ধি পেলে সাঁকো ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় কলাগাছের ভেলায় পার হতে হয় নদী। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো যেমন কঠিন হয়ে পড়ে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও থাকে প্রতিনিয়ত।
শুধু মানুষের চলাচল নয়, এই সাঁকোর অভাবে বাধাগ্রস্ত হচ্ছে এলাকার কৃষি ও ব্যবসা-বাণিজ্যও। স্থানীয় কৃষকদের উৎপাদিত ধান, চাল, পাট, ভুট্টা, গম, আদা, মরিচ, পেঁয়াজ ও রসুনসহ বিভিন্ন কৃষিপণ্য পীরগঞ্জ বাজারে নিতে পোহাতে হয় চরম দুর্ভোগ। ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয় কৃষক ও সাধারণ মানুষকে। ভারী মালামাল নিয়ে নদী পারাপার আরও কষ্টসাধ্য। ফলে উৎপাদিত পণ্য বাজারজাত করতে সময় ও খরচ দুটোই বেড়ে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু আশ্বাস ছাড়া কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। একটি স্থায়ী সেতু নির্মিত হলে পীরগঞ্জ উপজেলা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও আসবে ইতিবাচক পরিবর্তন।
স্থানীয়দের দাবি, ২ নম্বর কোষারানীগঞ্জ, ৩ নম্বর খনগাঁও ও বেগুনবাড়ি ইউনিয়নের মানুষের যাতায়াতের সুবিধার্থে ঘিউডোব ঘাটে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।
উন্নয়নের নানা অগ্রগতির মধ্যেও একটি সেতুর অভাবে বছরের পর বছর এমন দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর একটাই প্রত্যাশা—আর কতদিন বাঁশের সাঁকোই হবে তাদের একমাত্র ভরসা? দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়া হোক।