সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার টেকনাফ উপকূলের বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হোসেন (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা আরও পাঁচ জেলে আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোররাতে সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন টেকনাফ উপজেলার সেন্টমার্টিন এলাকার বাসিন্দা মোহাম্মদ বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করছিলেন।
আহতরা হলেন- আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তারা সবাই টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার বাসিন্দা।
নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার (২ নভেম্বর) দুপুরে টেকনাফ সদরের উত্তর লম্বরী নৌকাঘাট থেকে ট্রলার যোগে ছয় জেলেকে নিয়ে সাগরে মাছ ধরতে যান। মঙ্গলবার ভোররাতে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন তারা। এসময় হঠাৎ আকাশে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে একটি বজ্রপাত তাদের নৌকায় আঘাত হানলে মোহাম্মদ হোসেন সহ ৬ গুরুতর আহত হন। পরে ট্রলারটি উপকূলের আনার পর আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাদ আলম কানন জানান, সকালে সাগরে বজ্রপাতে আহত অবস্থায় ছয় জেলেকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই একজনের মৃত্যু হয়েছে। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, তাদের এলাকার একজন জেলে সাগরে বজ্রপাতে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির স্বজনেরা টেকনাফে আসছেন। পরে মরদেহ সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হবে বলে তারা জানিয়েছেন।