মোহাম্মদ শাহজাহান চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সেলিম চৌধুরী:চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।স্থানীয়দের দাবি, ওই নারী নিজেকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন। তবে তাঁর নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে ওই নারী বাহুলী ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। বৃহস্পতিবার বিকেলেও তাঁকে বাহুলী রেলগেট এলাকায় বসে থাকতে দেখা যায়। এর আগে তিনি স্থানীয় একটি কলোনিতে গিয়ে পানি ও খাবার চান। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁর শরীরে জ্বরের লক্ষণ দেখতে পান। পরে তিনি সেখান থেকে বের হয়ে রেললাইনের দিকে চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে ওই নারীকে অবস্থান করতে দেখে কয়েকজন তাঁকে সামনে ট্রেন আসার কথা জানিয়ে নিরাপদ স্থানে সরে যেতে বলেন। কিন্তু তিনি তাঁদের কথায় কোনো সাড়া দেননি। পরে শুক্রবার সকালে রেললাইনের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ট্রেনে কাটা পড়ে তাঁর একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে কোন ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পটিয়া রেলওয়ে স্টেশন ইনচার্জ আবদুস সালাম ভূঁইয়া জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে ওই রেলপথে তিনটি ট্রেন চলাচল করেছে। ফলে ঠিক কোন ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।নিহত নারীর পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে চেষ্টা চলছে।