শিরোনাম
◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের ◈ ডিভি লটারি ২০২৭: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ ◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক ◈ তাহসিফ সুরির সুরতহাল প্রতিবেদন: শরীরে আঘাতের চিহ্ন নেই, নাক দিয়ে রক্ত বের হচ্ছিল ◈ জাপান ৪ দিনের সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষের আগে ভারতের সঙ্গে আলোচনায় চাপ দিচ্ছে বাংলাদেশ ◈ নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে কেমিক্যালে পাকানো পেঁপের রমরমা বাণিজ্য

গাজীপুরের শিল্পাঞ্চল কালিয়াকৈরের বিভিন্ন হাট-বাজার ও অলিগলির দোকানে নিষিদ্ধ রাসায়নিক স্প্রে করে কাঁচা পেঁপে কৃত্রিম উপায়ে পাকিয়ে বিক্রির প্রবণতা মারাত্মকভাবে বেড়ে গেছে। অতিরিক্ত মুনাফার লোভে একশ্রেণির অসাধু ব্যবসায়ী এই অপকর্ম চালালেও প্রশাসনের নিরব ভূমিকার কারণে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কালিয়াকৈরের সদর বাজার, চন্দ্রা ত্রিমোড়, সফিপুর বাজার ও মৌচাক বাসস্ট্যান্ড এলাকা ঘুরে এমন ভয়াবহ চিত্র দেখা গেছে।

অনুসন্ধানে জানা যায়, ব্যবসায়ীরা কাঁচা ও আধাকাঁচা পেঁপে অস্বাস্থ্যকর পরিবেশে কাগজে মুড়িয়ে স্তূপ করে রাখেন। এরপর মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর কার্বাইড বা এজাতীয় রাসায়নিক স্প্রে করে রাতারাতি ফলগুলোকে হলুদ ও পাকা রূপ দেওয়া হয়। দেখতে আকর্ষণীয় হলেও এসব পেঁপে ভেতরে বিষাক্ত উপাদানে ভরপুর থাকে, যা কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মো. রফিকুল ইসলাম ও ক্রেতা ফাতেমা বেগম চরম ক্ষোভ প্রকাশ করে জানান, কেমিক্যালে পাকানো ফল খেয়ে সাধারণ মানুষ কিডনি, লিভার জটিলতা ও ক্যান্সারের মতো মরণব্যাধিতে আক্রান্ত হচ্ছে। অথচ অসাধু ব্যবসায়ীরা পার পেয়ে যাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, কার্বাইডের মতো ক্ষতিকর কেমিক্যালে পাকানো ফল খাওয়ার ফলে লিভার, কিডনি ও হৃদপিণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ওপর এর নেতিবাচক প্রভাব ভয়াবহ।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে কালিয়াকৈরের হাট-বাজারগুলোতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে।

  • সর্বশেষ