খাগড়াছড়িতে সড়ক অবরোধ চলাকালে অস্ত্র হাতে চলাচল ও মহড়া দেওয়ার দৃশ্য বাংলাদেশ সেনাবাহিনীর নজরদারি ড্রোনে ধরা পড়েছে বলে জানা গেছে। ২৪ অক্টোবর জেলার বিভিন্ন এলাকায় আধাবেলা অবরোধ চলাকালে এ ঘটনা ঘটে।
শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়। খাগড়াছড়ির পার্বত্য এলাকায় অবরোধের মধ্যে কিছু ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে অস্ত্র হাতে চলাচল ও মহড়া দিতে দেখা যায়। মাটিরাঙা এলাকায় কয়েকজনকে ভারী অস্ত্র নিয়ে পাহাড়ি সড়কে টহল দিতে ও অবস্থান নিতে দেখা গেছে। এসব দৃশ্য সেনাবাহিনীর নজরদারি ড্রোনের ক্যামেরায় ধারণ হয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে, ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা অবরোধের সমর্থনে সকাল থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও পিকেটিং করেন আন্দোলনকারীরা। কয়েকটি স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেওয়া হয়। খাগড়াছড়ি শহরে ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনেও বিক্ষোভ করতে দেখা যায় তাদের। জেলা সদরের অভ্যন্তরে যান চলাচল স্বাভাবিক থাকলেও আধাবেলা অবরোধের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে বিক্ষোভকারীরা ঘটনাস্থল থেকে সরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নজরদারি বাড়াতে সক্রিয় ছিল নিরাপত্তা বাহিনী।
সাজেকেও উত্তেজনা ও সড়ক অবরোধের প্রভাব খাগড়াছড়িতে পড়েছে বলে জানা গেছে। এতে সড়ক যোগাযোগ ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু বলেন, জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।