ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।
বৃহস্পতিবার সকালে এই পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আব্দুস সামাদ (৪৫) এবং মহেশপুরের ভ্যানচালক মামুন। আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে।
কালীগঞ্জে বাসের ধাক্কায় পৌর কর্মকর্তা নিহত স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আব্দুস সামাদ মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে কুষ্টিয়াগামী দ্রুতগতির ‘রূপসা’ পরিবহনের একটি বাস মোটরসাইকেলে ও একটি ইজিবাইকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুস সামাদের মৃত্যু হয় ও ইজিবাইক চালক আহত হন। আহত ইজিবাইক চালককে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেছে বলে জানান।
অপরদিকে বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লাপাড়া মসজিদের সামনে ভৈরবা-গাড়াপোতা সড়কে আরও একটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুল্লাপাড়া এলাকায় একটি পাখি ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক মামুন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ভ্যানে থাকা আরও ৩ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি আটক করে জব্দ করা হয়েছে।