চট্টগ্রাম বন্দরে কনসাইনি বিল শতভাগ অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধের বাধ্যবাধকতা এক মাস পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে এ নিয়ম কার্যকর হবে। ফলে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইন ব্যাংকিংয়ের পাশাপাশি গতানুগতিক পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমেও বিল পরিশোধের সুযোগ থাকছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বন্দরের সেবা কার্যক্রম আরও দ্রুত, আধুনিক ও সহজ করতে সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। তবে আগামী ১ নভেম্বর থেকে পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে কোনো বিল গ্রহণ করা হবে না।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর থেকে পে-অর্ডার বন্ধ করে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। এর প্রতিবাদে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়ন ও মালিক সমিতি চার ঘণ্টার ধর্মঘট পালন করে। পরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে বিল পরিশোধের সুযোগ দেওয়া হয়।
একই সময়ে ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের সুবিধা বহাল রাখার দাবিতে বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষ ও অ্যাসোসিয়েশনের মধ্যে বৈঠক হয়। বৈঠকে অনলাইন পেমেন্টের পাশাপাশি ৩১ অক্টোবর পর্যন্ত রিভলভিং অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, চট্টগ্রাম বন্দরের অনলাইন সিস্টেমের সঙ্গে সোনালী ব্যাংকের কারিগরি কার্যক্রমও সম্পন্ন হয়েছে। ফলে সোনালী ব্যাংকের অনলাইন গেটওয়ে ব্যবহার করে বন্দরের যেকোনো বিল অনলাইনে পরিশোধ করা যাবে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বিভিন্ন ব্যাংকিং মাধ্যম, মোবাইল ও অনলাইন ব্যাংকিং এবং ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় অভ্যস্ত হওয়ার জন্য সিঅ্যান্ডএফ এজেন্ট, কনসাইনি ও অন্যান্য বন্দর ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম বলেন, ‘কনসাইনি বিল পরিশোধে অনলাইন ব্যাংকিং ব্যবস্থা চালুর সময় এক মাস পিছিয়ে ১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইন ব্যাংকিংয়ের পাশাপাশি পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে বিল পরিশোধ করা যাবে। বন্দরে কার্যক্রমের গতিবৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের অংশহিসেবে ১ নভেম্বর থেকে পে-অর্ডার ও রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে বিল গ্রহণ করা হবে না।’ সূত্র: কালবেলা