সরওয়ার আজম মানিক,কক্সবাজার : কক্সবাজারে সংযুক্ত, সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে সরকারি, জাতিসংঘ ও মানবিক সহায়তাকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ হেলথটেক লিমিটেড (সুখী) ও ওপিসিএ যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।
কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় অবস্থিত আরআরআরসি সম্মেলন কক্ষে বুধবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরসহ আরআরআরসি, অ্যাকশনএইড বাংলাদেশ, ব্র্যাক, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি), ডিপিএইচই, হেলভেটাস বাংলাদেশ, আইএফআরসি, আইওএম, আইআরসি, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ইউএনএফপিএ, ইউনিসেফ, ডব্লিউএফপি, ডব্লিউএইচও, এনজিও প্ল্যাটফর্ম ও ওয়ার্ল্ড ভিশনের জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া ওপিসিএর নির্বাহী পরিচালক মো. আলমগীর এবং গ্রামীণ হেলথটেকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বৈঠক শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রধান ব্যবসা ও প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান রাসেল।
বৈঠকে গ্রামীণ হেলথটেকের আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক প্রধান ড. ফাহরিন হান্নান এফডিএমএন ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরেন। মাঠপর্যায়ের অভিজ্ঞতার আলোকে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ ও প্রযুক্তিনির্ভর সম্ভাব্য সমাধান নিয়ে উপস্থাপনা করেন প্রতিষ্ঠানটির গবেষণা, বিশ্লেষণ ও গ্রাহক অভিজ্ঞতাবিষয়ক প্রধান ড. হোসেন মো. আল-আমিন।
আলোচনায় কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গা শিবিরে বিদ্যমান স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জ, সেবার ঘাটতি এবং এসব মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা উঠে আসে। প্রযুক্তিনির্ভর ডিজিটাল স্বাস্থ্যসেবা কীভাবে বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থা ও মানবিক সাড়াদান কার্যক্রমের পরিপূরক হতে পারে, তা নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
এ সময় বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার, রোগী রেফারেল ব্যবস্থা কার্যকর করা, চিকিৎসাসেবার ধারাবাহিকতা নিশ্চিত এবং স্বাস্থ্য তথ্য ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করে বাস্তবভিত্তিক ও টেকসই উদ্যোগ নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।