সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের ফিশিং বোটটি ১৩ জন জেলেকে নিয়ে টেকনাফ থেকে মাছ ধরতে সমুদ্রে যায়। মাছ আহরণ শেষে ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে ফেরার পথে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি সাগরে ভাসতে থাকে। এ অবস্থায় বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস সৈয়দ নজরুল উদ্ধার অভিযান শুরু করে।
তিনি আরও জানান, পরে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে ইঞ্জিন বিকল অবস্থায় থাকা ফিশিং বোটটির সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ১৩ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। বর্তমানে উদ্ধার হওয়া ফিশিং বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।