রাতের আঁধারে বসতঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আর ধর্ষণ চেষ্টাকারীকে কুপিয়ে জখম করেছেন ভুক্তভোগী নারী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বেতগর্ভ গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ধর্ষকের নাম খায়রুল আঁকন (২২)।
সে (খায়রুল) বেতগর্ভ গ্রামের আক্কাস আকনের ছেলে। আর তার সঙ্গে থাকা ধর্ষণ চেষ্টাকারী ইসলাম বালী (২৪) একই গ্রামের সুলতান বালীর ছেলে।
ইসলাম বালীকে কুপিয়ে জখম করেছেন ভুক্তভোগী গৃহবধূ।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত বারটার দিকে দুই সন্তানের জননী গৃহবধূর বসতঘরে ঢুকে একই গ্রামের বখাটে দুই বন্ধু খায়রুল ও ইসলাম বালী। এ সময় খায়রুল আঁকন গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে খায়রুলের বন্ধু ইসলাম বালীও ধর্ষণের চেষ্টা চালালে তাকে কুপিয়ে জখম করা হয়েছে বলে শুনেছি।
ওসি আল মামুন আরও জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত খায়রুল আকনকে আটক করেছে। অপর অভিযুক্ত পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।