শিরোনাম
◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০ ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ ◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন ◈ ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, পাবেন না যারা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২২ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় জাল দলিলে ফিলিং স্টেশন দখলকারী গ্রেফতার

​আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি: শার্শার বাগআঁচড়ার কিবরিয়া ফিলিং স্টেশনের জমির জাল দলিল করে দখল চেষ্টার মামলায় মহা প্রতারক ও সাত মামলার আসামি বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আনোয়ার হোসেনকে কারাগারে পাঠিয়েছেন যশোরের একটি আদালত। মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ আদেশ দেন। আসামি আনোয়ার হোসেন শার্শা উপজেলার বসতপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। ​মামলার অভিযোগে জানা গেছে, শার্শা উপজেলার যাদবপুর গ্রামের গোলাম কিবরিয়া ১৯৯৫ সালের ২২ জুন ৫২১৩ নম্বর কবলা দলিলের মাধ্যমে শার্শা উপজেলার বাগআঁচড়া মৌজার ১২৮ নম্বর জেএলভুক্ত সাবেক ২৮৬৫ ও হাল ৩৩৭৪ নম্বর দাগে ১৭ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে নামজারি করে ‘কিবরিয়া ফিলিং স্টেশন’ স্থাপন করে দীর্ঘ ৩০ বছর ধরে তা ভোগদখল করে আসছেন।

​গোলাম কিবরিয়ার মৃত্যুর পর ২০২৫ সালের ৪ এপ্রিল বিকেলে আসামি আনোয়ার হোসেন ১৯৯৯ সালের ৬ এপ্রিলের ১৯১১/৯৯ নম্বর একটি দলিল দেখিয়ে দাবি করেন, ওই জমি তার কাছে বিক্রি করেছেন গোলাম কিবরিয়া এবং তাই জমির মালিক তিনিই।

মরহুম গোলাম কিবরিয়ার মেয়ে তনিমা তাসনুভা দলিলটি যাচাই করতে রেজিস্ট্রি অফিসে গেলে দলিল নম্বরের সঙ্গে দাতা ও গ্রহীতার তথ্যের অমিল পান। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। ২০২৫ সালের ৮ এপ্রিল বিকেলে সাক্ষীদের উপস্থিতিতে আসামি আনোয়ার হোসেনকে জমির দলিলের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জালিয়াতির অভিযোগ অস্বীকার করেন এবং হুমকি দিয়ে চলে যান। ​এ ঘটনায় মরহুম গোলাম কিবরিয়ার মেয়ে তনিমা তাসনুভা ২০২৫ সালের ১৬ এপ্রিল দলিল জালিয়াতির অভিযোগে আনোয়ার হোসেনকে আসামি করে আদালতে মামলা করেন।

​আদালতের আদেশে ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান মামলা তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় আনোয়ার হোসেনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনের ওপর শুনানি শেষে আদালতের তৎকালীন বিচারক আসামি আনোয়ার হোসেনের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছিলেন। নির্ধারিত দিনে আনোয়ার হোসেন আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়।

​২০ জুলাই পলাতক আনোয়ার হোসেন গ্রেপ্তার এড়াতে আদালতে হাজির হয়ে অন্তর্বর্তীকালীন জামিন নেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আসামি আনোয়ার হোসেন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আসামি আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • সর্বশেষ