হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ‘বই জ্ঞানের আলো ছড়ায়’— এই বার্তা ছড়িয়ে দিতে এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাশাপাশি তরুণ সমাজকে পাঠাভ্যাসে উদ্বুদ্ধ করতে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে একটি আধুনিক লাইব্রেরি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ পাঠাগারের যাত্রা শুরু হয়।
আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল হক শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি)-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সুমন রায়, আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আঃ সালাম, এবং মুন্সী রিয়েল এস্টেটের স্বত্বাধিকারী ও সমাজসেবক মুন্সী বিল্লাল হোসেন।
এছাড়া প্রেসক্লাব পরিবার ও স্থানীয় সুধীজনদের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোরাদ হোসেন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস, জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি আমিনুর রহমান আচ্চু, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক তামিম আহমেদ, দপ্তর সম্পাদক রিয়াজ মুস্তাফিজ, প্রচার সম্পাদক হারুনুর রশীদ ও সদস্য কামরুল ইসলামসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক শিকদার বলেন, "ডিজিটাল যুগে মুঠোফোনের ভিড়ে তরুণ সমাজ বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে। সাংবাদিকরা সমাজের দর্পণ; তাদের মনন ও জ্ঞানচর্চার পরিধি বাড়াতে এই লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অন্যান্য বক্তারা বলেন, বই পড়ার মাধ্যমে মানুষের চিন্তাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকশিত হয়। একটি আলোকিত সমাজ গঠনে পাঠাগারের বিকল্প নেই। আলফাডাঙ্গা প্রেসক্লাব সাংবাদিকতার পাশাপাশি যে সামাজিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নিয়েছে, তা সত্যি প্রশংসনীয়।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ, ইতিহাস, সাহিত্য, সাংবাদিকতা, ধর্ম ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন ক্যাটাগরির শতাধিক বই স্থান পেয়েছে। স্থানীয় সাংবাদিক ছাড়াও যেকোনো বইপ্রেমী এখানে বসে বই পড়ার সুযোগ পাবেন। ক্রমান্বয়ে বইয়ের সংখ্যা এবং সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা হবে বলে আয়োজকরা জানান।