হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের পদ্মা নদীর দুর্গম চর এলাকা থেকে আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা সদরের নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে ফরিদপুর কোতয়ালী নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল দুর্গম চর এলাকায় অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন কুমার নন্দী জানান, দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি পচে-গলে ফুলে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, পরিচয় পাওয়া না গেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।