মনিরুল ইসলাম : ময়মনসিংহে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে চেক বিতরণ এবং হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে। এসব কর্মসূচিতে উন্নয়নের ধারাবাহিকতা, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে চেক বিতরণ
ময়মনসিংহ সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে ২০২৬-২৭ অর্থবছরের এডিপির সাধারণ খাত থেকে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা, নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বক্তব্য দেন। এ সময় উন্নয়ন প্রকল্প কমিটির সভাপতি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি রোকনুজ্জামান সরকার বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যেও সরকার অবকাঠামোর পাশাপাশি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক খাতে উন্নয়নে সহায়তা অব্যাহত রেখেছে।
সভাপতির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জেলা পরিষদের অর্থ জনগণের অর্থ—তাই এর ব্যবহারে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। তিনি দেশ পুনর্গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে উন্নয়ন প্রকল্পের বরাদ্দের চেক তুলে দেওয়া হয়।
হালুয়াঘাটে গারোদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা
একই দিনে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সহায়তা বিতরণ করা হয়।
সকালে রাংড়া পাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং বিকেলে সৈয়দ এমরান সালেহ প্রিন্স শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি এবং নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।
বিজন কান্তি সরকার বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে সরকার কাজ করছে। সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ভঙ্গুর অর্থনীতি থেকে দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাধারণ সম্পাদক শিশির দিওসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।