হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার এলাকার সেতুটি এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় ৩৬ বছর আগে তৈরি হওয়া এই সেতুটি গত এক দশকেরও বেশি সময় ধরে চরম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থীসহ হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই নড়বড়ে সেতু পার হচ্ছেন। বড় ধরনের প্রাণহানি এড়াতে দ্রুত এখানে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
স্থানীয় সূত্রের তথ্যমতে, ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার পর কাগদী বাজার সংলগ্ন এলাকায় এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে সেতুর দৈন্যদশা চরমে পৌঁছেছে। অধিকাংশ অংশের রেলিং উধাও, বাকিটুকু ঝুলছে শূন্যে। রোদ-বৃষ্টি থেকে বাঁচার কোনো উপায় নেই; স্থানভেদে বাঁশের কঞ্চি ও গাছের ডাল দিয়ে সাময়িক রেলিং বানিয়ে রাখা হয়েছে। পলেস্তারা খসে রড বেরিয়ে মরিচা ধরে গেছে অনেক আগেই। সেতুর মাঝখানের পাটাতন ভেঙে নিচে পড়ে যাওয়ায় সেখানে কাঠ বিছিয়ে কোনো মতে যাতায়াত চালু রাখা হয়েছে। এমনকি মাঝের পিলার দেবে গিয়ে পুরো সেতুতে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। একটি সাধারণ ভ্যান উঠলেই পুরো সেতু থরথর করে কেঁপে ওঠে।
এলাকাবাসী জানান, ভীতি আর আতঙ্ক নিয়ে চলাচল করতে হয় কাগদী বাজার, স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস এবং মসজিদে আসা-যাওয়া করা সাধারণ মানুষকে। বিশেষ করে হাটের দিনে কৃষিপণ্য বাজারে নিতে চরম ভোগান্তিতে পড়েন চাষিরা। বিকল্প কোনো রাস্তা না থাকায় ঝুঁকি জেনেও এই পথই ব্যবহার করতে হচ্ছে সবাইকে।
স্থানীয় ইউপি সদস্য মো. হাবিবুর রহমান হাবিব বলেন, "এক দশকেরও বেশি সময় ধরে সেতুটির এই বেহাল দশা। এলাকার মানুষ প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে পারাপার হচ্ছেন। ভারী কোনো যানবাহন এর ওপর দিয়ে চলতে পারে না। নতুন সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত মানুষের ভোগান্তি থামবে না।"
জানতে চাইলে সালথা উপজেলা প্রকৌশলী মো. আবু জাফর মিয়া বলেন, "কাগদী বাজারের সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এটি অত্যন্ত সরু হওয়ায় একসঙ্গে একাধিক গাড়ি চলাচল করতে পারে না। নতুন একটি সেতু নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।"
এব্যাপারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, "সেতুটির জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থার কথা আমরা জানি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটার আগেই যাতে এখানে একটি নতুন সেতু নির্মাণ করা যায়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"