এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার : বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে এ ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন সভাপতিত্ব করেন। তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের স্বজনদের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবা উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এস. এম. মাহফুজুর রহমান এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুসহ সংশ্লিষ্টরা।
বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ২৭টি পরিবারের মধ্যে এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫ জনের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হয়।
এছাড়া দুর্ঘটনায় আহত ২ জনের চিকিৎসাসেবা ও পুনর্বাসনের জন্য মোট ৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর হাতে সরকারি ক্ষতিপূরণের এ অর্থ তুলে দেওয়ায় অনুষ্ঠানে সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি দেখা যায়। তবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং চালকসহ সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিতরা।