হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সেকেন্দার মল্লিক (৫৫) নামে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে নতুন করে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬০ জন ডেঙ্গু রোগী।
বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।
প্রেস নোটে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় সেকেন্দার মল্লিক মারা যান। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৬ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৪৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ২৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো চারজনে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সেকেন্দার মল্লিকের মৃত্যু হয়।
তিনি বলেন, "ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং দিনের বেলাতেও মশারি বা মশা প্রতিরোধী ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।"
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। জ্বর হলে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসা নিতে হবে।
এদিকে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম জানান, ডেঙ্গু প্রতিরোধে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও পৌরসভা যৌথভাবে মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করেছে।