সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে টেকনাফের উনচিপ্রাং সীমান্তে পাচারকালে ধাওয়া দিয়ে সাড়ে সাত কোটি টাকা মূল্যের দেড় লাখ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
সোমবার রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সীমান্তে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক সেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
আটক হেলাল মিয়া (২৫) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার বাসিন্দা মোঃ সোলেমানের ছেলে।
লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সোমবার রাতে টেকনাফ উপজেলার উনচিপ্রাং সীমান্তের জসিমের ঘের নামক এলাকায় দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অপরজন পালিয়ে যায়।
তিনি বলেন, “ পরে ঘটনাস্থল তল্লাশী চালিয়ে আটক পাচারকারীর ফেলে দেয়া ২ টি বড় পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো খুলে পাওয়া যায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা। উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য সাড়ে ৭ কোটি টাকা। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান, লে. কর্নেল মো. জহিরুল ইসলাম।