হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব চালিয়ে ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ব্যবসায়ী শামীম আহমেদ মুকুটের পক্ষ থেকে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করে মামলাটি রুজু করা হয়।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান।
এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত রোববার দুপুরে সৌরভ মোল্লার নেতৃত্বে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে শামীম আহমেদ মুকুটের বাড়িতে প্রবেশ করে তাণ্ডব চালায়। তারা অস্ত্রের মুখে জিম্মি ও ত্রাস সৃষ্টি করে ঘরে থাকা ৮০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২ কোটি টাকা লুট করে নেয়। ওই সময় স্থানীয়রা এগিয়ে এসে প্রতিরোধ গড়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা সটে পড়ে।
ভুক্তভোগী পরিবার জানায়, হামলাকারীরা বাড়িতে থাকা প্রাইভেটকারের চাবি ও ঘরের তালা ভেঙে তাণ্ডব চালায়। পরবর্তীতে তারা ব্যবসায়ীর মালিকানাধীন কে.বি ব্রিকসে গিয়ে হিসাবের ফাইলপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন শামীম আহমেদের পরিবারের সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, মামলা দায়েরের পর থেকেই জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। আসামিদের রাজনৈতিক পরিচয় রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, তদন্ত সাপেক্ষে বিষয়টি স্পষ্ট বলা যাবে।
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে সৌরভ মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
দিনদুপুরে এমন অস্ত্রধারীদের তাণ্ডব ও লুটপাটের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দা ও কানাইপুর বাজারের ব্যবসায়ীরা।