সরওয়ার আজম মানিক, কক্সবাজার : বাংলাদেশে প্রথম ‘ফিফা সার্টিফাইড টেকনিক্যাল সেন্টার’ নির্মিত হচ্ছে কক্সবাজারের রামুতে; আর এ লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে’র কাছে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে জমি হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
সোমবার দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনস্থ এক অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জমি হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে বাফুফের পক্ষে জমি রেজিস্ট্রেশনসংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। অপরদিকে সরকারের পক্ষে স্বাক্ষর করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। পরে জেলা প্রশাসক প্রয়োজনীয় দলিলপত্র বাফুফে সভাপতির হাতে তুলে দেন।
পরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বাফুফে চেয়ারম্যান তাবিত আউয়াল বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রামু উপজেলায় বাফুফে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ১৫ দশমিক ২০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে কক্সবাজার জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জমিটি বাফুফের কাছে হস্তান্তর করেছে।
তিনি বলেন, রামুতে আন্তর্জাতিকমানের ফুটবল টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলাররা এখানে আধুনিক ও পরিকল্পিত প্রশিক্ষণের সুযোগ পাবেন।
এই টেকনিক্যাল সেন্টার ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশাবা ব্যক্ত করে বাফুফে চেয়ারম্যান তাবিত আউয়াল বলেছেন, “ জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে এবং দেশের তরুণ ফুটবলার তৈরিতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। “
জমি হস্তান্তর অনুষ্ঠান জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান ও বাফুফের উর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।