শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুরে ইছামতি নদীতে কাঞ্চনপুর ও বাল্লা ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫সেপ্টেম্বর) বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় সাতটি নৌকা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী নৌকাগুলো হচ্ছে, ঘিওর উপজেলার নকিববাড়ি, দিয়াইলের ভাই ভাই এন্টারপ্রাইজ, সোনারচাঁন-২, গায়ান বাড়ি, গায়ান তরী, হাজারি তরী সহ অন্যান্যরা অংশ নেয়।
উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন কুশিয়ারচর এলাকা থেকে বাল্লা ইউনিয়নের খেরুপাড়া ঘাট পর্যন্ত এক কিলোমিটার অধিক দৈর্ঘ্যের বাইচের সীমানা নির্ধারণ করা হয়। বাইচে প্রত্যন্ত গ্রামের ছোট বড় ৭টি ঘাসি ও খেল্লা নৌকা অংশ নেয়। প্রায় এক যুগ পর এই এলাকায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বয়সের নারী পুরুষ নদীর দুই পাড়ে দাঁড়িয়ে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করেন।
দুপুর থেকেই নদীর দুই পাড়ে নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত নৌকা ও মাল্লার বাইচ শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। পুরো সময়জুড়ে ঠিকারি ও কাঁশির বাদ্যের তালে নেচে-গেয়ে, হেইও হেইও রবে এক অনবদ্য আবহ সৃষ্টি হয়। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষের করতালি ও হর্ষধ্বনিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। নৌকা বাইচে ইঞ্জিন চালিত টলারসহ বিভিন্ন যানবাহনে দূর দূরান্ত থেকে আসা প্রায় লক্ষাধিক দর্শনার্থী এই নৌকা বাইচ উপভোগ করেন।
পুরস্কার বিতরণের সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।