সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের তিন কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র্যাব।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।
তবে অভিযানকালে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
আ. ম. ফারুক বলেন, শুক্রবার মধ্যরাত সাড়ে ১২ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝের ডেইল এলাকায় জনৈক খামিন মাঝির বসত ভিটায় কতিপয় লোকজন মাদকদ্রব্য কেনাবেচার জন্য জড়ো হওয়ার খবর পায় র্যাব। পরে র্যাবের একটি দল বসত ভিটাটি ঘিরে ফেললে উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক লোকগুলো পালিয়ে যায়।
“পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে মাদক কারবারিদের ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে পাওয়া যায় ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস। উদ্ধার করা মাদকের মূল্য ১৫ কোটি টাকা। “
ঘটনায় জড়িত মাদক কারবারিদের চিহ্নিত করে গ্রেপ্তারে র্যাবে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান, র্যাবের এ কর্মকর্তা।
আ. ম. ফারুক জানান, উদ্ধার মাদক টেকনাফ থানায় হস্তান্তর করে মামলার প্রস্তুতি চলছে।