হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী বাজারে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের দায়ে ৩টি মিষ্টির দোকানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মধুখালী বাজারে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খাবার হোটেল ও মিষ্টির দোকানে অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫৩ ধারায় এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে মহিদ হোসেনের মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা ও দীপিক কুমারের মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খোলা ও নোংরা পরিবেশে মিষ্টি রাখার দায়ে মধুখালী কনফেকশনারির মালিক পরান সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
অভিযান পরিচালনাকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে.এম. তানজির নাঈম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফয়েজ মোহাম্মদ ফিরোজ, মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান, মধুখালী পৌরসভার হিসাবরক্ষক মো. রাজিব হোসেন, কনজারভেন্সি পরিদর্শক মো. রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।