জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়েরের অভিযোগে শাহিনূর বেগম নামে এক বাদীকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান এজলাসে বসে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা করে এ দণ্ড দেন।
আদালত সূত্রে জানা গেছে, মোসা. শাহিনূর বেগম বাদী হয়ে দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৪৬৫, ৪৬৭, ৪৬৮ ও ৫০৬-এর (২য় ভাগ) ধারায় সি আর ১৫১৪/২৬ নং মামলা বিজ্ঞ আদালতে দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং মামলার বিষয়ে তার মৌখিক বক্তব্য ও দাখিল করা কাগজ পত্র পর্যালোচনা করেন।
পরে বিজ্ঞ আদালত বাদীর মানীত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হলে তাদের জবানবন্দির সঙ্গে বাদীর দেওয়া বক্তব্যে অসামঞ্জস্য পাওয়া যায়। আদালতের পর্যবেক্ষণে বাদীর দায়ের করা মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়।
অতপর মিথ্যা মামলা দায়েরের অপরাধ আমলে নিয়ে আদালত পেনাল কোড এর ২১১ ধারায় বাদী শাহিনূর বেগমকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু বকর মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আদালতের বিচারকার্যের ক্ষেত্রে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরকারীদের জন্য এটি একটি কঠোর বার্তা।”