মো. বশির উদ্দিন, ডেমরা (ঢাকা) প্রতিনিধি : রাজধানীর ডেমরায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেফতার সবুজ ওরফে কালাই সবুজকে (৩৮) বৃহস্পতিবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে ওই দিন দুপুরে তার বিরুদ্ধে ডেমরা থানায় অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল ও গুলি নিজ হেফাজতে রাখার অপরাধে মামলা দায়ের করা হয়। গত বুধবার (২ সেপ্টে¤^র) বিকালে ডেমরার মুসলিম নগর (কুয়েতি মসজিদ সংলগ্ন) নাহার ভিলার ২য় তলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে একটি কালো রঙের বাটযুক্ত সচল বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কালাই সবুজ গ্রেফতারের ঘটনাস্থল নাহার ভিলার ভাড়াটিয়া ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মুড়াপাড়া-ভ্রাহ্মনগাঁও গ্রামের আবুল কালাম ওরফে কালাইয়ের ছেলে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ৮ টি মামলাসহ বিভিন্ন ২৬ টি মামলা রয়েছে বলে জানা গেছে। এছাড়াও ওই সন্ত্রাসী একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলেও জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, গ্রেফতারের সময় কালাই সবুজ ধস্তাধস্তির কারণে আহত হলে তাকে প্রথমে রূপগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়। আর গ্রেফতারস্থল ডেমরা থানা এলাকা বলে পরবর্তীতে তাকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ থানা পুলিশ ডেমরা থানায় মামলা করে। তার পরবর্তীতে ১ ঘন্টার মধ্যে কালাই সবুজকে আদালতে পাঠানো হয়। আর উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বিভিন্ন অপরাধের সময় ব্যবহার করতো বলে জিজ্ঞাসাবাদে কালাই সবুজ জানিয়েছে।