সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ই-তে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় এক শিশু নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ক্যাম্প-৮ ইস্ট-এর বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় মোজাহেদ (৫) নামে এক শিশু মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যৃ হয়।
নিহত মোজাহেদ ওই এলাকার বাসিন্দা নূর আলমের ছেলে। এ ঘটনায় তিন নারীসহ ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়ার ৮ এপিবিএনের উপ-অধিনায়ক আসাদুজ্জামান জানিয়েছেন , আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) ও আরএসও এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।